
পাকিস্তান ভারতের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দিচ্ছে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি যেকোনো সময় উত্তপ্ত হতে পারে এবং সে জন্য পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, আমরা ভারতকে কোনো পরিস্থিতিতেই বিশ্বাস করছি না। আমার বিশ্লেষণে মনে হচ্ছে—ভারতের পক্ষ থেকে পূর্ণমাত্রার যুদ্ধ বা নাশকতার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। সীমান্তে অনুপ্রবেশও হতে পারে। তাই প্রস্তুত থাকতেই হবে।’
সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন, গত জুনে ভারত যে ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল, তা ছিল মাত্র ‘৮৮ মিনিটের ট্রেলার’। প্রতিবেশীকে ‘শিক্ষা’ দেওয়ার সক্ষমতা ভারতের রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি। তার এই মন্তব্যের পরই পাকিস্তানের পক্ষ থেকে যুদ্ধ প্রস্তুতির কথা প্রকাশ্যে জানানো হলো।
এর আগে আরও কঠোর ভাষায় খাজা আসিফ বলেন, ‘আমরা পূর্ব সীমান্তে (ভারত) এবং পশ্চিম সীমান্তে (আফগানিস্তান) দুই জায়গাতেই যুদ্ধের জন্য প্রস্তুত। তারা যদি চূড়ান্ত রাউন্ড চায়, যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না।’
গত মাসেই আফগানিস্তানের সঙ্গে বড় ধরনের সীমান্ত সংঘাতে জড়িয়েছিল পাকিস্তান। আফগান ভূখণ্ডে বিমান হামলাও চালায় ইসলামাবাদ, যদিও কাতার ও তুরস্কের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
ভারত-পাকিস্তান উত্তেজনা নতুন করে বাড়ায় দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :