জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব


জামায়াত থেকে আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারি ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর মনোনয়ন পেয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন পোস্টে দাবি করা হয়, ঢাকা-৫ আসনের পূর্ব ঘোষিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেনের পরিবর্তে আজহারিকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তবে জামায়াত এ খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের ফেসবুক পেজে দেওয়া পোস্টে জানানো হয়, ‘বিভ্রান্তি নিরসন’ শিরোনামে, ঢাকা মহানগর দক্ষিণের কোনো সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন হয়নি।

পোস্টে উল্লেখ করা হয়েছে— ঢাকা-৪: সৈয়দ জয়নুল আবেদীন, ঢাকা-৫: মোহাম্মদ কামাল হোসেন, ঢাকা-৬: ড. মো. আব্দুল মান্নান, ঢাকা-৭: হাফেজ এনায়েতুল্লাহ, ঢাকা-৮: ড. মো. হেলাল উদ্দিন, ঢাকা-৯: কবির আহমদ ও ঢাকা-১০: মো. জসিম উদ্দিন সরকার।উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের পোস্টের কারণে অনেকেই ড. আজহারিকে অভিনন্দন জানাতে শুরু করেছিলেন।

এদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া প্রধান এহসান মাহবুব জুবায়ের বলেন, “মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি সম্পূর্ণ গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সকলকে সতর্ক থাকার এবং যাচাই-বাছাই ছাড়া রাজনৈতিক প্রার্থিতা সম্পর্কিত কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানাচ্ছি।”