
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক এবং বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ২০২৪ সালের জুলাই–আগস্টে টানা ৩৬ দিনের গণআন্দোলন ছিল রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে মানুষের দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং একটি নতুন বাংলাদেশ গড়ার ঐতিহাসিক সংগ্রাম।
বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলায় ১০ দলীয় জোটের প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এমন এক তরুণ সমাজ, যারা আগে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। লাখো তরুণ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে স্পষ্ট বার্তা দিয়েছে—তারা আর বৈষম্য ও দমনমূলক রাষ্ট্রব্যবস্থা চায় না। তাদের বুকের ভেতরে যে গভীর ক্ষোভ জমে উঠেছিল, সেটি না বুঝলে ভবিষ্যতের বাংলাদেশ বোঝা সম্ভব নয়।
তিনি বলেন, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও রাজনৈতিক পরিচয় বা আত্মীয়তার জোর না থাকায় চাকরি না পাওয়ার হতাশা তরুণদের ক্ষুব্ধ করেছে। কোটা ও সুবিধাভোগী রাজনীতির কারণে ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার অনুভূতিই এই ক্ষোভের জন্ম দিয়েছে।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, ঘুষ ছাড়া সরকারি সেবা পাওয়া যায় না, হাসপাতালে দালাল ছাড়া চিকিৎসা মেলে না, কৃষক ন্যায্যমূল্যে সার-বীজ পায় না এবং প্রবাসীরা পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না—এসব কারণেই সাধারণ মানুষের অসন্তোষ চরমে পৌঁছেছে।
তিনি অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রভাবশালী মহলের যোগসাজশে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অবিচার ও দমননীতির বিরুদ্ধেই ২০২৪ সালের গণআন্দোলন গড়ে ওঠে।
শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, তারা এমন বাংলাদেশ চাননি যেখানে রাষ্ট্র নিজ নাগরিকের বিপক্ষে দাঁড়ায়।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ১২ ফেব্রুয়ারি কেবল একটি ভোটের দিন নয়, এটি দেশ বদলে দেওয়ার সুযোগ। পরিবর্তনের পক্ষে জনগণ যদি রায় না দেয়, তবে ভবিষ্যতেও জুলুম ও বৈষম্য অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, অ্যাডভোকেট রহুল আমিন খায়ের, জামায়াতের সাধারণ সম্পাদক সালাম মাঝি, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সুমন তালুকদার এবং এবি পার্টির বরিশাল জেলা ও মহানগরের সদস্য সচিব জিএম রাব্বিসহ ১০ দলীয় জোটের নেতারা।
আপনার মতামত লিখুন :