
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায় দলটি আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকেও দলটিকে বাদ দিয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা জানান। শুক্রবার প্রেস উইংয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইউনূস বলেন, আগামী জাতীয় নির্বাচন হবে অংশগ্রহণমূলক। দীর্ঘ ১৬ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত থাকা প্রায় ১০ লাখ তরুণ এবার প্রথমবারের মতো ভোট দেবেন। তিনি আরও জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ভোটার উপস্থিতিও হবে ব্যাপক।
বৈঠকে নির্বাচন, অবৈধ অভিবাসন মোকাবিলা, বাণিজ্য সহযোগিতা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়। চ্যাপম্যান জুলাই সনদ নিয়ে চলমান জাতীয় সংলাপের প্রশংসা করেন এবং নিরাপদ ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত লিখুন :