তারেক রহমান আন্তর্জাতিক মহলের বিবেচনায় গুরুত্বপূর্ণ নেতা: হুমায়ূন কবির


তারেক রহমান আন্তর্জাতিক মহলের বিবেচনায় গুরুত্বপূর্ণ নেতা: হুমায়ূন কবির

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তার ভাষ্য অনুযায়ী, ২৫ ডিসেম্বরের ঐতিহাসিক প্রত্যাবর্তনের পর আন্তর্জাতিক মহলের দৃষ্টিভঙ্গিতে তারেক রহমানের গুরুত্ব আরও বেড়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান হুমায়ুন কবির।

তিনি বলেন, এদিন মোট ১১ জন রাষ্ট্রদূত তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে বিএনপি ভবিষ্যতে সরকার গঠন করলে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে, দলটির ৩১ দফা কর্মসূচি এবং সার্বিক উন্নয়ন ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তারেক রহমানের উন্নয়ন পরিকল্পনার কাঠামো এবং অগ্রাধিকার বিষয়গুলো কূটনীতিকদের সামনে তুলে ধরা হয়।

হুমায়ুন কবির আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু অগ্রগতি রয়েছে এবং ভবিষ্যতে সেসব ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রাখা হবে। বৈঠকে রাষ্ট্রদূতদের সঙ্গে ইতিবাচক ও ফলপ্রসূ মতবিনিময় হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা তারেক রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও আলোচনা করেছেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি অত্যন্ত আশাবাদী। বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক মহল এ প্রক্রিয়াকে ইতিবাচকভাবে দেখছে। নির্বাচন নিয়ে দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও সন্তুষ্টি রয়েছে বলে তিনি জানান।

এ সময় বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলীসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।