
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার জন্য কাউকে গ্রেপ্তার করা কোনোভাবেই মানানসই নয়। সরকারের একপাক্ষিক কর্মকাণ্ড দেশের রাজনীতি ও সমাজজীবনের জন্য শুভ নয় বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন। এদিন তার বড় ভাই, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে প্রথমবারের মতো গ্রামে আসেন।
কাদের সিদ্দিকী বলেন, “শেখ হাসিনাকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের আগে অধ্যাপক ইউনূসকে চিনেছেন, আমরা পরে চিনেছি। ‘জয় বাংলা’ বলায় কাউকে গ্রেপ্তার করা ঠিক নয়। বঙ্গবন্ধুর ঘরবাড়ি ভাঙাও সঠিক হয়নি—এটা প্রতিহত করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া উচিত ছিল। এখন যা চলছে, তা সম্পূর্ণ একতরফা।”
সদ্য কারামুক্ত আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, বঙ্গবন্ধু যদি নিহত না হতেন, দেশে রাষ্ট্র গঠনের একটি স্থায়ী ধারা প্রতিষ্ঠিত হতো। এখনো সেই ধারা তৈরি হয়নি, কারণ কারো রাষ্ট্রদর্শন স্পষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি।
এ সময় দুই নেতাকে দেখতে ভিড় জমান এলাকাবাসী, যাদের অনেকেই ‘জয় বাংলা’ স্লোগান দেন।
আপনার মতামত লিখুন :