কুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত


কুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লিখিত ভর্তি পরীক্ষা নেওয়া হয়। এবার একযোগে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্র হিসেবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বি আর্ক প্রোগ্রামের জন্য মুক্তহস্ত অংকন পরীক্ষা দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এবার ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেন ১১ হাজার ৭১৩ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ১০ হাজার ৪৬৫ জন। উপস্থিতির হার ছিল ৮৯ দশমিক ৩৫ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালে কুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী পরীক্ষাকেন্দ্র ও হল পরিদর্শন করেন। এ সময় ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ হারুনুর রশীদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে তিনটি অনুষদের আওতাধীন ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সিভিল, ইইই, মেকানিক্যাল ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রতিটিতে ১২০টি করে আসন রয়েছে। এছাড়া ইসিই, আইইএম, লেদার, টেক্সটাইল, ইউআরপি, বিএইসিএম, এমএসই বিভাগে ৬০টি করে আসন এবং বিএমই, ইএসই, সিএইচই ও এমটিই বিভাগে ৩০টি করে আসন নির্ধারণ করা হয়েছে। আর্কিটেকচার বিভাগে ৪০টি আসন রয়েছে। এর বাইরে ক্ষুদ্র নৃগোষ্ঠী ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রয়েছে ৫টি আসন।

আগামী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মেধাক্রমের তালিকা প্রকাশ করা হবে। একই দিনে বিভাগ পছন্দ দেওয়ার নির্দেশনা, ভর্তির নিয়মাবলি ও ভর্তি কার্যক্রমের সময়সূচি জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।