তারেক রহমানকে বিশেষ কার্টুন উপহার দিলেন কার্টুনিস্ট উদয়


তারেক রহমানকে বিশেষ কার্টুন উপহার দিলেন কার্টুনিস্ট উদয়

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে একটি বিশেষ কার্টুন উপহার দিয়েছেন দেশের জনপ্রিয় কার্টুনিস্ট উদয়। ‘আই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল অব মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি’ শিরোনামের এই কার্টুনটি দৃষ্টিনন্দন ফ্রেমে বাঁধানো অবস্থায় তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ড. মাহদী আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে কার্টুনিস্ট উদয় নিজ হাতে কার্টুনটি উপহার দেন।

কার্টুন হস্তান্তরের সময় নিজের অনুভূতি জানিয়ে উদয় বলেন, তারেক রহমানকে নিয়ে আঁকা একটি কার্টুন সরাসরি তার হাতে তুলে দেওয়া দীর্ঘদিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ভীষণ আনন্দিত।

কার্টুনটি গ্রহণ করে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শিল্পী উদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই শিল্পকর্মের জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানান।