
ঢাকার ধানমন্ডি ৩২ এলাকায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় গণপিটুনির শিকার সালমা ইসলাম নামে এক নারীকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (১৪ নভেম্বর) পুলিশের আবেদনের পর ঢাকার ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্রের আদালত এ আদেশ দেন।
এর আগের দিন বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে জুলাইয়ে দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে ধানমন্ডি থানা পুলিশ সালমা ইসলামকে গ্রেপ্তার করে।
পুলিশের আবেদনে বলা হয়, ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিএনপি–জামায়াতের কর্মীরা ওই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। প্রাথমিক অনুসন্ধানে মামলার ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার আলামত পাওয়া গেছে বলে দাবি পুলিশের। তার পরিচয়, ঠিকানা ও মামলার অন্যান্য তথ্য যাচাই চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা জরুরি বলে আদালতকে জানায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক আনোয়ার মিয়া।
শুক্রবার তিনি আসামিকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী আবুল হোসেন পাটোয়ারি জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন নামঞ্জুর করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার পর স্থানীয় লোকজন সালমা ইসলামকে গণপিটুনি দেয় এবং পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়।
মামলার পটভূমিতে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই ‘জুলাই আন্দোলন’ চলাকালে ধানমন্ডির সাত মসজিদ রোড এলাকায় মিছিলে অংশ নিয়েছিলেন আবু সাঈদ মু. সাইম। সেদিন সকালে মিছিলে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হন তিনি। পিঠে লাগা গুলি পেট দিয়ে বেরিয়ে যায়। পরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। এ বিষয়ে তিনি গত বছরের ১ ডিসেম্বর ধানমন্ডি থানায় ওবায়দুল কাদেরসহ ৩৭ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
আপনার মতামত লিখুন :