২৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত করল জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি


২৪৩ আসনে প্রার্থী চূড়ান্ত করল জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩টি আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে জাতীয় পার্টির (জাপা) জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশ। শুক্রবার রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে শামীম হায়দার পাটোয়ারী বলেন, যাচাই-বাছাই শেষে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, অন্তর্বর্তী সরকার জাতীয় পার্টিসহ সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি সব সময়ই নির্বাচনমুখী রাজনৈতিক দল। একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হলো আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সব দলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারের হলেও বাস্তবতায় সেই প্রত্যাশা পূরণে ঘাটতি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

শামীম হায়দার পাটোয়ারী জানান, সারা দেশে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছেন। অনেক আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রার্থী চূড়ান্ত করতে দলকে বেশ বেগ পেতে হয়েছে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মীর আবদুস সবুর আসুদ, এস এম আব্দুল মান্নান, মিজানুর রহমান, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভুইয়া, এমরান হোসেন মিয়া, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, ইকবাল হোসেন তাপস, শেরীফা কাদের, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলমগীর সিকদার লোটন, মইনুর রাব্বি চৌধুরী, নুরুন নাহার বেগম, শরিফুল ইসলাম জিন্নাহ, মো. আবু তাহের ও ফকরুল ইমাম।

জাতীয় নির্বাচনের রাজনৈতিক সমীকরণে জাতীয় পার্টির এই প্রার্থী ঘোষণা গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।