২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা


২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

 

বাংলা একাডেমির আয়োজনে অমর একুশে বইমেলা-২০২৬ শুরু হচ্ছে আগামী ২০ ফেব্রুয়ারি। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। মেলার তারিখ ও উদ্বোধনের সময় চূড়ান্ত করা হয়েছে এক জরুরি সভার মাধ্যমে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত অমর একুশে বইমেলা-২০২৬-এর তারিখ নির্ধারণসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বাংলা একাডেমির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় অমর একুশে বইমেলার উদ্বোধন করা হবে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা।

আয়োজকদের আশা, নির্ধারিত সময়সূচি অনুযায়ী বইমেলা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।