
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার প্রয়োজন এবং তার বর্তমান শারীরিক অবস্থাকে কেন্দ্র করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে না ফেরার সিদ্ধান্ত একান্তই চিকিৎসাগত কারণে—রাজনৈতিক নয় বলে জানিয়েছেন তাঁর উপদেষ্টা মাহদী আমিন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলে এভারকেয়ার হাসপাতালের সিসিইউ–কেন্দ্রিক পরিস্থিতিতে জনসমাগম ও নিরাপত্তাজনিত বিশৃঙ্খলা তৈরি হতে পারত, যা খালেদা জিয়ার চিকিৎসা ব্যাহত করার আশঙ্কা তৈরি করত। ‘এ কারণেই দেশে আসছেন না তিনি,’ উল্লেখ করেন মাহদী আমিন।
পোস্টে তিনি আরও জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের অক্লান্ত পরিশ্রম, দেশবাসীর দোয়া এবং কূটনৈতিক সহযোগিতায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে অতি দ্রুত লন্ডনের এক বিশেষায়িত হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই চিকিৎসা–প্রক্রিয়ার সম্পূর্ণ সমন্বয় করছেন তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, যিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। অন্যদিকে, লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল ইতোমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন, যাতে যাত্রার আগেই সব চিকিৎসাগত প্রস্তুতি নিশ্চিত করা যায়। কাতারের এয়ার অ্যাম্বুলেন্সেও চিকিৎসক ও কর্মকর্তারা সঙ্গী থাকবেন।
মাহদী আমিন লিখেছেন, মেডিকেল বোর্ডের নিয়মিত ব্রিফিং, লন্ডনের হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ, এয়ার অ্যাম্বুলেন্সের প্রস্তুতি—সবকিছুর পুঙ্খানুপুঙ্খ তত্ত্বাবধানে রয়েছেন তারেক রহমান।
তিনি বলেন,
“তারেক রহমান যদি জনসমাবেশের আবেগে দেশে ফিরতেন, এভারকেয়ার হাসপাতালের পরিবেশ অস্থিতিশীল হয়ে যেত। এই অবস্থায় লন্ডন থেকেই তিনি আরও কার্যকরভাবে চিকিৎসার সমন্বয় করতে পারছেন।”
তারেক রহমানের দেশে না ফেরাকে কেন্দ্র করে চলা বিভিন্ন জল্পনা নিয়ে উপদেষ্টা লেখেন— “তারেক রহমানের কাছে খালেদা জিয়া প্রথমে মা, তারপর রাজনৈতিক নেত্রী। মায়ের জন্য যেটি সবচেয়ে প্রয়োজন, তিনি সেটিই করছেন। ব্যক্তিগত আবেগ নয়, চিকিৎসার প্রয়োজন এবং দেশের স্থিতিশীলতাকেই তিনি প্রাধান্য দিচ্ছেন।”
তিনি আরও বলেন, তারেক রহমান দেশে ফিরলে লাখো মানুষের ঢল নামত, যা হাসপাতালের রোগী, পরিবেশ এবং নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারত।
মাহদী আমিন জানান, খালেদা জিয়াকে নিরাপদে লন্ডনে পৌঁছে তার চিকিৎসা সেটেল করে তারেক রহমানও শিগগিরই দেশে ফিরবেন। শেষে তিনি দেশবাসীর উদ্দেশে আহ্বান জানান— “অপপ্রচার উপেক্ষা করে দেশনেত্রীর সুস্থতা কামনা করুন। আল্লাহ তাঁকে দ্রুত আরোগ্য দান করুন এবং আমাদের মাঝে দীর্ঘদিন রাখুন।”
আপনার মতামত লিখুন :