মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন


মাইলস্টোন ট্র্যাজেডি : ড. ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ–এ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধান উপদেষ্টা ড. মোহাম্মাদ ইউনুস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম–এর আদালতে আবেদনটি করেন নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য আবেদনটি অপেক্ষমাণ রেখেছেন।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন এয়ার ভাইস মার্শাল মোরশেদ মোহাম্মদ খায়ের উল আফসার, গ্রুপ ক্যাপ্টেন রিফাত আক্তার জিকু, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ জিয়াউল আলম, অবসরপ্রাপ্ত কর্নেল নূরনবী, প্রশাসনিক ও স্কুল শাখার কয়েকজন কর্মকর্তা, রাজউক–এর চেয়ারম্যান, শিক্ষা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সচিব, সাবেক শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, সাবেক পরিবেশ উপদেষ্টা ডা. রেজোয়ানা হাসান এবং সাবেক প্রেস সচিব শফিকুল আলম।

মামলার আবেদনে আসামিদের বিরুদ্ধে অবহেলার কারণে মৃত্যু এবং প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ২১ জুলাই দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী–র একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা ভবনে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ৩৬ জন নিহত এবং ১২৪ জন আহত হন। তদন্ত কমিটির প্রতিবেদনে পাইলটের উড্ডয়নজনিত ত্রুটিকে দুর্ঘটনার মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।