সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মিজানুর রহমান গ্রেপ্তার


সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মিজানুর রহমান গ্রেপ্তার

জার্মান দূতাবাসে ভিসা সাক্ষাৎকার দিতে কাতার থেকে দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেপ্তার হয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ভাগনে হিসেবে পরিচিত মিজানুর রহমান শাহীন।

বুধবার (৮ এপ্রিল) ভোরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরপরই তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)-এর কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহীনের বিরুদ্ধে ঢাকার দোহার থানায় একটি হত্যা মামলা রয়েছে। তিনি নবাবগঞ্জ এলাকার একটি ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক এবং দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত বছরের ৭ জুলাই কাতারে পালিয়ে যান শাহীন। সর্বশেষ জার্মান ভিসার সাক্ষাৎকার দিতে দেশে ফেরেন তিনি। তবে বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গেই আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েন।

মামলার বিবরণে জানা যায়, গত ২০ মে রাতে দোহার উপজেলার শাইনপুকুর এলাকায় পূর্বশত্রুতার জেরে রাফি করিম নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা আনোয়ার খানম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন।

ইতোমধ্যে এ মামলার চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাদের মধ্যে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে দাবি করেছেন, স্থানীয় দিঘির দখল নিয়ে বিরোধের জেরে শাহীনের নির্দেশেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারের পর শাহীনের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া তার বিরুদ্ধে অর্থপাচারসহ বিভিন্ন অভিযোগের বিষয়েও খতিয়ে দেখা হচ্ছে।