ঈদগাহে আনা যাবে ছাতা-জায়নামাজ, যেসব বস্তু নিষিদ্ধ


ঈদগাহে আনা যাবে ছাতা-জায়নামাজ, যেসব বস্তু নিষিদ্ধ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সেখানে নামাজ আদায়ে আগত মুসল্লিরা জায়নামাজ, ছাতা ও মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। তবে নিরাপত্তার স্বার্থে ব্যাগ কিংবা কোনো ধরনের দাহ্য বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, ঈদগাহ ময়দানজুড়ে স্থাপন করা হবে সিসি ক্যামেরা, পাশাপাশি থাকবে একাধিক ওয়াচ টাওয়ার। পুরো এলাকা সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে এবং চারপাশে থাকবে তল্লাশির ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ লাইনিং ব্যবস্থাও থাকবে।

ঈদগাহে প্রবেশের ক্ষেত্রে নির্দিষ্ট গেট ব্যবহার করতে হবে। নারীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ।

এবার জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পাঁচটি জামাত আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের বাণিজ্য মেলা প্রাঙ্গণেও নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে।

ঈদের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একসঙ্গে দুই ভিভিআইপি উপস্থিত থাকায় ঈদগাহ এলাকায় বহুস্তরীয় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অন্যদিকে, প্রতিকূল আবহাওয়া বা বৃষ্টির কারণে ঈদগাহে জামাত আয়োজন সম্ভব না হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় বিকল্প জামাতের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।