ডিবি পরিচয়ে ফোন, ‘রিমান্ডে নির্যাতন’— ১০ লাখ টাকা প্রতারণা


ডিবি পরিচয়ে ফোন, ‘রিমান্ডে নির্যাতন’— ১০ লাখ টাকা প্রতারণা

ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে ‘রিমান্ডে নির্যাতনের’ ভয় দেখিয়ে এক নারীকে কাছ থেকে ১০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম জাবেদ হোসেন (৫১)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বিল্লাল হোসেন মোল্লা নামের এক ব্যক্তি একটি মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন। এই সুযোগে গত ৫ এপ্রিল সকালে অজ্ঞাত পরিচয়ে ডিবি সদস্য পরিচয় দিয়ে বিল্লালের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা।

পরে বিল্লালের স্ত্রীকে ফোন করে বলা হয়, তার স্বামীকে রিমান্ডে নিয়ে মারধর করা হচ্ছে। তাকে ছাড়াতে হলে ১০ লাখ টাকা দিতে হবে। অভিযোগ আছে, কথার সত্যতা প্রমাণে প্রতারকরা বিল্লালের কণ্ঠস্বর নকল করে কান্নাজড়িতভাবে ফোনে কথা বলায়। এতে আতঙ্কিত হয়ে পড়েন ভুক্তভোগী নারী।

একপর্যায়ে বিভিন্নজনের কাছ থেকে টাকা জোগাড় করে প্রতারকদের নির্দেশনা অনুযায়ী তিনি মালিবাগে সিআইডি কার্যালয়ের সামনে যান। পরে একটি পরিবহন প্রতিষ্ঠানের মাধ্যমে যাত্রাবাড়ীর একটি ঠিকানায় ১০ লাখ টাকা পাঠান।

টাকা পাঠানোর পর প্রতারকরা কাশিমপুর কারাগার থেকে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার কথা বললেও পরে তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। উত্তরা এলাকায় পৌঁছে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ডিবির কাছে অভিযোগ করেন ওই নারী।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ডিবির ওয়ারী বিভাগের একটি দল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বুধবার বিকেলে কোতোয়ালী থানার জনসন রোড এলাকা থেকে জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, এ চক্রের অন্য সদস্যদের শনাক্তে কাজ চলছে।